দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া) :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে বোরকা পরে চুরি করতে গিয়ে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে মারধর করেছে স্থানীয়রা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আড়িয়া গ্রামের মকলেছুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাইল নারীদের পোশাক ও বোরকা পরে মকলেছুর রহমানের ঘরে ঢুকে মোবাইল ফোন চুরির চেষ্টা চালান। এ সময় গৃহকর্ত্রী মালা খাতুন তাকে দেখে আটকে দেওয়ার চেষ্টা করেন। ইসরাইল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মালা খাতুনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে ধরে ফেলে এবং বোরকা খুলে পুরুষ হিসেবে শনাক্ত করার পর গণধোলাই দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বাড়ির মালিক মকলেছুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে সংবাদ সংগ্রহের সময় অভিযুক্ত চোরের ভাই আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সিমারুল সাংবাদিকদের কাজে বাধা দেন।বাধা দেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঐ ভিডিওতে সিমারুল স্থানীয় এক সাংবাদিকের উদ্দেশ্যে হুমকির সুরে বলতে শোনা যায়,”আমার ঠিক না শুইনি আর এমপির ঠিক না শুইনি নিউজ হয়না কিন্তু, ঠিক আছে”।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি নিয়ে উভয় পক্ষ থেকেই পৃথক অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে চুরির সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি এবং দুই পরিবারের পূর্ববিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post