নওগাঁ প্রতিনিধি:
চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে নওগাঁ জেলা জজকোর্টের অধীন ১নং আমলি আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী মো. মোস্তাফিজুর রহমান (৫৮)। আসামি হিসেবে ‘থ্রি লিজেন্ড লিমিটেড’-এর সঙ্গে সংশ্লিষ্ট মোছা. নিলুফা আক্তার নামে একজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩১ জুলাই নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে একটি রেজিস্ট্রি চুক্তির মাধ্যমে ‘লিজেন্ড মিরাজ প্লাজা’ নামে ১০ তলা আবাসিক ভবন নির্মাণের কথা ছিল। চুক্তি অনুযায়ী অনুমোদিত নকঁশা মেনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা, উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং ভূমি মালিকদের প্রাপ্য অংশ হস্তান্তরের শর্ত ছিল।
তবে অভিযোগ অনুযায়ী, আসামিপক্ষ ৯ তলা পর্যন্ত অসম্পূর্ণ নির্মাণ করে কাজ বন্ধ করে দেয়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং বাদীর প্রাপ্য ফ্ল্যাট, দোকান ও গ্যারেজ হস্তান্তর করেনি। এতে বাদীর প্রায় ৮৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদীপক্ষ জানায়, এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠানো ও পত্রিকায় নোটিশ প্রকাশ করা হলেও আসামিপক্ষ কোনো জবাব দেয়নি। এ অবস্থায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা গ্রহণের আবেদন করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post