রাশেদুজ্জামান, নওগাঁ: “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিষিদ্ধ জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় শুধু মৎস্য সপ্তাহের কর্মসূচি যথেষ্ট নয়; সারা বছরই মাছের প্রজনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভা শেষে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত নওগাঁয় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post