রাশেদুজ্জামান, নওগাঁ : ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেনস জুনিয়র এএইচএফ কাপ-২০২৬-এ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের হয়ে স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নওগাঁর কৃতী ক্রীড়াবিদ তাসফিয়া জান্নাত তিশাকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ভবানীপুরে সোসাইটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সোসাইটির সাধারণ সম্পাদক এম. মাসুদ রানা তিশার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তার সাফল্যের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পাশাপাশি নওগাঁ জেলার সুনাম বৃদ্ধি করায় তাসফিয়া জান্নাত তিশা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সোসাইটির পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুকুল হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. খালেদ মাহমুদ, প্রিন্সিপাল অফিসার মো. হাসিনুর হাসান জীম, রাবেয়া হকসহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে বাংলাদেশ ২-০ গোলে কাজাখস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঐতিহাসিক এই দলের অন্যতম সদস্য ছিলেন নওগাঁ শহরের লাটাপাড়া মহল্লার মেয়ে তাসফিয়া জান্নাত তিশা।
এর আগে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দলের হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিশা। এবার অনূর্ধ্ব-২০ দলে জায়গা করে নিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ঐতিহাসিক শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post