নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সদস্যদের কাছে নিজের ছেলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, চেম্বার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সদস্যদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তাঁর জীবনের অন্যতম গর্বের বিষয়।
৭৫ বছর বয়সে এসে তাঁর একমাত্র আকাঙ্ক্ষা হলো-তাঁর সন্তান যেন নওগাঁর ব্যবসায়ী সমাজের সেবায় দায়িত্ব নেওয়ার সুযোগ পান। তাঁর ছেলে আর্কিটেক্ট আলহাজ্ব তৌফিকুল আলম (সুজিত) আসন্ন চেম্বার নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লেখ করে তিনি বলেন, তৌফিকুল আলম (সুজিত) উত্তরবঙ্গের অন্যতম আবাসন প্রকল্প ‘সাহানাবাগ সিটি’-এর সঙ্গে বাস্তবভাবে যুক্ত। শতাধিক বিঘা ভূমির ওপর এবং নিজস্ব দীর্ঘ সড়ক সংবলিত এ প্রকল্পসহ দেশের ব্যবসা-বাণিজ্য, নগর পরিকল্পনা ও কর্মসংস্থান সৃষ্টির কাজে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।
এ ছাড়া তাঁর পারিবারিক ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, তাঁদের পূর্বপুরুষরা দুই শতাধিক বছর ধরে নওগাঁর ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ধারাবাহিকতায় তাঁর ছেলে সমাজ ও ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি নওগাঁ চেম্বারের ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, একজন তরুণ, সময়োপযোগী ও কর্মক্ষম প্রার্থী হিসেবে তাঁর ছেলেকে একটি ভোট দিয়ে নওগাঁর সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নের অংশীদার হওয়ার সুযোগ দেওয়ার জন্য তিনি সবার কাছে আন্তরিক আবেদন জানাচ্ছেন। পাশাপাশি তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
প্রিন্ট করুন








Discussion about this post