এস এম জামাল:
নারী মানেই শুধু কোমলতা নয়, নারী মানেই শক্তি, সাহস, ত্যাগ আর অদম্য সংগ্রাম। আন্তর্জাতিক নারী দিবসে যখন সমাজের নানা ক্ষেত্রে সফল নারীদের গল্প শোনা যায়, তখন আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম আমার মা। আমার জীবনে তিনি শুধু মা নন, তিনি একজন যোদ্ধা, একজন পথপ্রদর্শক, একজন সত্যিকারের শ্রেষ্ঠ নারী।
আমার মা জীবনযুদ্ধে পোড় খাওয়া এক সৈনিকের মতোই সংগ্রাম করে আজ জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। আমার বাবা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কেরামত আলী। তিনি কথা বলতে পারেন না, শুনতেও পান না। এমন একজন মানুষকে নিয়ে সংসার চালানো সহজ কাজ ছিল না। কিন্তু আমার মা কখনো পিছিয়ে যাননি। জীবনের সমস্ত কষ্ট, ক্লেশ আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই তিনি সংসারের ঘানি টেনে গেছেন বছরের পর বছর।
আজকের দিনে টিভি নাটক, সিনেমা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম-ভালোবাসার নানা গল্প দেখি। তখন মনে হয়, সত্যিকারের ভালোবাসা হয়তো সেখানেই। কিন্তু আমার মা-বাবার জীবনের গল্প অন্যরকম। তাদের ভালোবাসা প্রকাশে নয়, ছিল দায়িত্বে, ত্যাগে আর বিশ্বাসে। নিঃশব্দ সেই ভালোবাসাই তাদের দাম্পত্য জীবনকে টিকিয়ে রেখেছে এত বছর।
আমার মা আয়েশা খাতুন ছিলেন একটি আভিজাত্যপূর্ণ পরিবারের মেয়ে। আমার নানা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকার ইয়াকুব আলী (কুটি শাহ) ছিলেন এলাকার প্রভাবশালী মানুষ। গোলাভরা ধান, সরিষার তেল ভাঙানোর কল, গবাদিপশু আর বিস্তীর্ণ জমিজমা—সব মিলিয়ে সচ্ছল পরিবেশেই মায়ের বেড়ে ওঠা। কিন্তু বিয়ের পর সেই আরাম-আয়েশ ছেড়ে তিনি বেছে নেন এক সংগ্রামী সংসার।
বাবার সঙ্গে বিয়ের পর অনেকেই নানা কথা বলেছিলেন। কারণ বাবা বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় অনেকেই মনে করতেন এই সংসার টিকবে না। কিন্তু মা কারও কথা শোনেননি। নীরবে সবকিছু সহ্য করে তিনি জীবনের পথচলা চালিয়ে গেছেন।
আমার বাবা কাঠের ফার্নিচারের কাজ করতেন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন সংসারের জন্য। অন্যদিকে মা ঘরের ভেতরে-বাইরে সমানভাবে কাজ করে সংসারকে এগিয়ে নিয়েছেন।
আমি তখন খুব ছোট, ক্লাস টুতে পড়ি। আমাদের বাসা ছিল একটি টিনের চালের ছোট ছাপড়া ঘর। চারদিকে বাঁশের কুঞ্চি দিয়ে তৈরি বেড়া, তার ওপর মাটির প্রলেপ। ঝড়-বৃষ্টি এলেই ঘরের ভেতরে ভয় আর আতঙ্ক নেমে আসত। সেই সময় মা আমাদের আগলে রাখতেন।
সংসারের অভাব দূর করতে মা কখনো বসে থাকেননি। তিনি বাড়িতে মুরগি পালন করতেন, ডিম বিক্রি করতেন। ছাগল পালন করতেন, পরে গরুও পালন শুরু করেন। বাড়ির আঙিনায় নানা ধরনের শাকসবজির চাষ করতেন।
একবার তো লাউয়ের এমন আবাদ করেছিলেন যে পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। শত শত লাউ তখন বিক্রি হতো আট আনা থেকে দুই টাকায়। সেই সময়ের হিসেবে সেটাই ছিল বড় অর্জন।
এভাবেই বাবার কঠোর পরিশ্রম আর মায়ের অসীম ধৈর্য ও পরিশ্রমে ধীরে ধীরে বদলে যায় আমাদের জীবন। টিনের ছাপড়া ঘর থেকে প্রথমে মাটির দেয়ালের ঘর, পরে পাকা বাড়ি। একসময় আমাদের বাড়িই হয়ে ওঠে গ্রামের মানুষের কাছে বিস্ময়ের জায়গা।
১৯৯৬ সালে আমাদের বাড়িতেই প্রথম সাদাকালো টেলিভিশন আসে। পরে রঙিন টিভি, ফ্রিজ, মোটরের মাধ্যমে পানির ট্যাংক—সবকিছুই আমাদের পাড়ায় প্রথম আসে আমাদের বাড়িতে।
মা শুধু সংসার সামলাননি, ভবিষ্যতের কথাও ভেবেছেন। একটু একটু করে সঞ্চয় করে জমি কিনেছেন। জমি কেনার সময় সবসময় বাবার পাশাপাশি নিজের নামও রেজিস্ট্রিতে রাখতেন। এতে বোঝা যায় সংসারে তার দায়িত্ববোধ আর দূরদর্শিতা কতটা ছিল।
আমাদের পড়াশোনার ব্যাপারেও মায়ের অবদান ছিল সবচেয়ে বেশি। বাবা কথা বলতে না পারায় স্কুলের সব দায়িত্ব মা-ই পালন করতেন। আমাকে নিজ হাতে স্কুলে দিয়ে আসতেন। পাশের বাড়ির শিল্পী বু আর ঝর্ণা মামীর কাছে আমার পড়াশোনার শুরুটাও হয়েছিল মায়ের উদ্যোগেই।
আমার দুই ছোট বোনকেও তিনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন এবং সুন্দরভাবে তাদের বিয়ে দিয়েছেন।
শৈশবের অনেক স্মৃতি আজও চোখে ভাসে। চৈত্র-বৈশাখের ভরদুপুরে মায়ের পাশে ঘুমানোর ভান করে আমি চুপিসারে পালিয়ে যেতাম পাড়ার ওপারে ডাংগুলি আর মার্বেল খেলতে। পরে মা এ পাড়া-ও পাড়া ঘুরে আমাকে খুঁজে এনে বকাঝকা করতেন, কখনো মারও দিতেন। সেই বকাঝকা আর শাসনের মধ্যেও ছিল মমতার ছোঁয়া।
দুষ্টুমি করতে গিয়ে অনেক সময় বাবার কাছেও বকুনি খেয়েছি। এমনকি আমার কারণে মাকেও বাবার কাছে শাসন সহ্য করতে হয়েছে। তবুও মা কখনো আমাদের প্রতি ভালোবাসা কমাননি।
আজ বড় হয়ে বুঝি, মা যদি সংসার নামের কঠিন পথটিতে কখনো হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আমাদের জীবনও থেমে যেত সেখানেই। আজ আমরা যে সম্মান আর স্বচ্ছলতার সঙ্গে জীবন কাটাচ্ছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের।
অনেক সময় হয়তো মাকে কষ্ট দিয়েছি, খারাপ ব্যবহার করেছি। কিন্তু কখনো তাকে জড়িয়ে ধরে বলা হয়নি—“মা, আমাকে ক্ষমা করে দাও।” তবুও জানি, মা নিঃশর্ত ভালোবাসা দিয়ে গেছেন।
আজ নারী দিবসে তাই বলতে ইচ্ছে করে, আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। তিনি আমার জীবনের ধ্রুবতারা।
মা, তোমাকে অনেক ভালোবাসি।
আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
প্রিন্ট করুন









Discussion about this post