গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে কেওড়া বাগানে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধারে পুলিশ ও নৌ পুলিশের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেটসংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের একটি কেওড়া বাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাদের ভাষ্য, জোয়ারের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি বাগানে আটকে যায়। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বিষয়টি পুলিশকে জানানো হলেও রাত পর্যন্ত মরদেহ উদ্ধার করা হয়নি। তাদের অভিযোগ, পুলিশ ও নৌ পুলিশের দায়িত্ব নির্ধারণ নিয়ে সমন্বয়ের অভাব থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়েছে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন নৌ পুলিশ কেন্দ্রের ইনচার্জ আশিকুর রহমান বলেন, বিষয়টি তারা জানতে পেরেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলটি নদীসংলগ্ন হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, কেওড়া বাগানটি সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং জোয়ারের পানিতে প্লাবিত থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হবে বলে তিনি জানান।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post