নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে বসতঘরের টিন কেটে ভেতরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া পুলিশ ক্যাম্পে আটক যুবককে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক তারেক একই এলাকার আলমগীর সওদাগরের পালক ছেলে। ভুক্তভোগী নারীর দাবি, শুক্রবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার চরবালুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, দুই সন্তানের জননী ওই নারী ঘটনার সময় সন্তানদের নিয়ে বাড়িতে একা ছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে কুমিল্লায় দিনমজুর হিসেবে কাজ করেন। রাতে প্রবল বৃষ্টির মধ্যে অভিযুক্ত তারেক দরজার পাশের টিন কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে ঘরে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। পরে কিছু না পেয়ে যাওয়ার সময় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় একাধিক মামলার আসামি শাহীন ও তার সহযোগীরা অভিযুক্ত তারেককে আটক করে মারধর করে। পরে তারেক ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে দাবি করে তাকে রাত ১০টার দিকে চরবালুয়া পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম ও বিচ্ছিন্ন চরবালুয়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। তাদের ধারণা, এ ঘটনায় তারেক ছাড়াও আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তবে বিষয়টি আড়াল করতে কেবল একজনকে আটক দেখানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী পরিবার এবং আটক যুবককে অন্য কারও নাম প্রকাশ না করার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তকে আটকের দাবি করা শাহীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকীম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি জানান, একজনকে আটক রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
প্রিন্ট করুন




Discussion about this post