এসএম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান বলেছেন, “বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে, সে তত বেশি আলোকিত হবে।”
তিনি বলেন, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, মনন, কল্পনাশক্তি ও মূল্যবোধের বিকাশ ঘটে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বই মানুষের মনকে প্রফুল্ল রাখে, মানসিক প্রশান্তি দেয় এবং ইতিবাচক চিন্তা-চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক জানান, সমগ্র কুষ্টিয়া জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বই পড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, বিজ্ঞানমনস্কতা এবং যুক্তিবোধ বিকাশে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে ‘বই পড়া প্রতিযোগিতা’।
জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভরতা কমিয়ে বইমুখী করে তুলবে। একই সঙ্গে পাঠাভ্যাস বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post