সরকারী হেফাজতকারীরা দেরী করায় ট্রলার ভিড়িয়ে বিদেশী জাহাজের মালামাল লুট করছে স্থানীয়রা
ভোলার মনপুরা বিচ্ছিন্ন চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ‘আল কুবতান’ নামের একটি বিদেশী জাহাজ ভেসে আসে। ওই জাহাজে কোন নাবিক না থাকায় বিদেশী জাহাজটি চরনিজামের পূর্বপাশের চরে আটকে পড়ে।
প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে দেরী করার সুযোগে চরনিজাম ও ঢালচরের কিছু বাসিন্দা বিদেশী ওই জাহাজে গিয়ে লুটপাট শুরু করে। এভাবে একটি প্রভাবশালীর মহলের ইন্ধনে তারা লাখ লাখ টাকার মালমাল লুট কওে নিয়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পর্যন্ত প্রশাসন জাহাজটি হেফাজতে নিতে পারেনি বলে নিশ্চিত করেন চরনিজামের একাধিক বাসিন্দা। দুর্গম এলাকা ও সমুদ্র উত্তাল থাকায় জাহাজের হেফাজত নিতে দেরী হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আল নোমান। তবে তিনি নেভী, কোস্টগার্ড ও নৌপুলিশকে বৃহস্পতিবার রাতে অবগত করেছেন দাবী করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে বঙ্গোপসাগরে বিদেশী জাহাজ আল কুবতানকে ভাসতে দেখে স্থানীয়রা। উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরনিজামের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জানান, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি।
মনপুরা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসনের ইউএনও আল নোমান জানান, জাহাজটির ব্যাপারে প্রদক্ষেপ নিতে বৃহস্পতিবার রাতেই নেভী, কোস্টগার্ড ও নৌপুলিশকে অবহিত করি। দুর্গম সাগর পথ তাই জাহাজটি হেফাজতে নিতে দেরী হচ্ছে। দ্রুত হেফাজতে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, নাবিক বিহীন জাহাজটির উপরের অংশ খোলা। জাহাজটিতে পাথর বোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটির টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান।
মনপুরার কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ আসলামুল হক জানান শুক্রবার সকালে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে । নেটওর্য়াক সমস্যায় চরমানিকা কোস্টগার্ডের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৪,২০২২//
প্রিন্ট করুন





Discussion about this post