স্টাফ রিপোর্টার : ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে এবং বর্তমান পরিস্থিতি বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তিনি জানান, বাংলাদেশের নেতৃত্বের প্রতি ওয়াশিংটনের আস্থা রয়েছে, যার প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ–সংক্রান্ত ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করেছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট, খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তি খাতে অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সার্জিও গর বলেন, বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিক দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সংকটের স্থায়ী ও রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আর্থিক সহায়তার প্রশংসা করে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি ও সংরক্ষণ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সয়াবিন, তুলা, গমসহ বিভিন্ন কৃষিপণ্যের আধুনিক সংরক্ষণাগার নির্মাণে বিনিয়োগ হলে দেশের সরবরাহব্যবস্থা আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক হবে।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে সার্জিও গর বলেন, ভবিষ্যতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ পেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদের নিরাপদ বৈশ্বিক সরবরাহব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ আন্তর্জাতিক উদ্যোগ চালু করা হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সহায়তায় বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়েও উভয় পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post