এসএম জামাল, কুষ্টিয়া থেকে : বাংলাদেশের ইতিহাসে তরুণদের অংশগ্রহণে অন্যতম বৃহৎ আয়োজন বেতার বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধ করা হয়েছে।
বাংলাদেশ বেতারের এই উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মেধা, যুক্তি ও উপস্থাপনার দক্ষতা বিকাশের নতুন দুয়ার উন্মোচিত হলো।
এই আয়োজনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, যা প্রতিযোগিতাটিকে আরও প্রতিযোগিতামূলক ও মানসম্মত করে তুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এসময় মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “বেতার বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু বিতর্কে দক্ষ করে তোলে না, বরং তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বেতারের এই উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের চিন্তা-ভাবনা তুলে ধরার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।
এ সময় বিচারকমণ্ডলীতে দায়িত্ব পালন করেন নিলুফার ইয়াসমিন টুম্পা, মাজহারুল ইসলাম রাজন এবং ডা. সামিউল আউয়াল। এছাড়াও বাংলাদেশ বেতার ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, “এই প্রতিযোগিতা শুধু একটি আয়োজন নয়, এটি দেশের তরুণদের মেধা ও যুক্তিবোধ বিকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা চাই, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সমালোচনামূলক চিন্তা, সহনশীলতা এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ বেতারের মতো একটি জাতীয় প্ল্যাটফর্মে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে ইতিবাচক চিন্তা ও যুক্তির চর্চায় উদ্বুদ্ধ করবে। আমরা বিশ্বাস করি, এখান থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব তৈরি হবে।”
প্রথম রাউন্ডের উদ্বোধনী বিতর্কে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে অল্প ব্যবধানে জয় লাভ করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের যুক্তিবোধ, নেতৃত্বগুণ এবং গণমাধ্যমে অংশগ্রহণের সক্ষমতা আরও বিকশিত হবে।
প্রিন্ট করুন








Discussion about this post