বেরোবি প্রতিনিধি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৃহত্তর নোয়াখালী থেকে আগত নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা প্রদান করেছে “গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম”।
গত শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে একাডেমিক ভবন-৩ এর এআইএস বিভাগের গ্যালারি রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান নির্জন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম; শিক্ষার্থী উপদেষ্টা জাকের হোসেন পাশা; সাবেক সভাপতি আরমান হোসেন; বর্তমান সভাপতি শাহরিয়ার জামান তানজিল; সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবিরসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আহমাদুল হক আলবির নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “ভৌগোলিকভাবে নোয়াখালী অঞ্চল একটি শক্তিশালী পরিচয়। নোয়াখালী অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়েও নোয়াখালীর শিক্ষার্থীরা নেতৃত্বে ও ভালো কর্মকাণ্ডে নিজেদের অবস্থান তৈরি করেছে। নবীনদের মধ্যেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করি।”
শিক্ষার্থী উপদেষ্টা জাকের হোসেন পাশা বলেন, “ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর আমাদের তিন জেলার ভাষা ও সংস্কৃতি এক। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ক্যারিয়ার, পড়াশোনা ও স্কিল ডেভেলপমেন্টকে সমান গুরুত্ব দেবো। বিশেষ করে বিতর্কচর্চায় নতুনদের যুক্ত হওয়া জরুরি।”
শিক্ষক উপদেষ্টা প্রভাষক সাইফুল ইসলাম নবীনদের উদ্দেশ্যে বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। সরকার আমাদের পিছনে বিপুল অর্থ ব্যয় করেন তাই দেশের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। প্রথম বর্ষ থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা ও দক্ষতা অর্জনে মনোযোগ দিতে হবে।”
সমাপনী বক্তব্যে সভাপতি শাহরিয়ার জামান তানজিল বলেন, “নবীনদের মাধ্যমে সংগঠন আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও দিকনির্দেশনায় আমরা পাশে থাকবো। নিজ নিজ ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনই হওয়া উচিত মূল লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং চড়ুইভাতি।
উল্লেখ্য, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম ২০১৮ সালের ৩০ মার্চ প্রতিষ্ঠার পর থেকে বেরোবিতে বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট করুন









Discussion about this post