কর্ণফুলীর চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটে পিসি রোডের ৩০ ফুটের পুরাতন রাস্তার পাশে নতুন করে ১২ ফুটের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) এর বিরুদ্ধে।
১২ ফুটের রাস্তা নির্মাণের আগে ড্রেন তৈরি করেছেন সিডিএ। এতে নতুন ১২ ফুটের রাস্তা নির্মাণ হয়ে গেলে পূর্বের ৩০ ফুটের রাস্তা বন্ধ করে দেওয়া হবে এমনটাই নিশ্চিত স্থানীয়রা। ফলে, পুরো পুরাতন ব্রিজঘাট জুড়ে এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।
যদিও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এর সচিব মিনহাজুর রহমান, সিডিএ নির্বাহী প্রকৌশলী (নির্মাণ বিভাগ-১) কাজী কাদের নেওয়াজ ও সিডিএ’র এস্টেট শাখার অফিসার মো. আলমগীর খান নতুন রাস্তা চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত কয়েক মাসের ধারাবাহিক অভিযানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর কর্ণফুলী নদীর বামতীর মইজ্জ্যারটেক হতে ষ্টোর ইয়ার্ড ফর ফ্লোটিং ব্রীজ (ভাসমান সেতু) পর্যন্ত (পিসি রোড) সড়কের উভয় পার্শ্বে ভাসমান স্থাপনা/অবকাঠামো উচ্ছেদ করেছেন। উচ্ছেদের পরপরেই সিডিএ তাঁদের দাবিকৃত জমিতে কাঁটা তারের বেঁড়া দিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন।
পাশাপাশি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রোড সংলগ্ন তিন রাস্তার মোড় বন্ধ করে দিয়ে নির্মাণাধীন ১২ ফুটের রাস্তা দিয়ে ব্রিজঘাট যাত্রীছাউনি কিংবা সাম্পানঘাটে লোকজন চলাফেরা করবেন বলে জানিয়েছেন। কিন্তু স্থানীয়দের দাবি, এখন যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা আগের রাস্তা থেকে ১৮ ফুট কম। আগের রাস্তা ছিলো অনেক বড় ও প্রশস্ত। কিন্তু বর্তমানে ঘাটে যাওয়ার জন্য যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা অনেক ছোট। যা নিয়ে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদও সিডিএ’র কাছে লিখিত আবেদন জানাচ্ছেন বলে সূত্রে জানিয়েছেন।
চরপাথরঘাটা এলাকার ব্যবসায়ি ও স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, বর্তমানে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা আনোয়ার সিটি, ইউনিয়ন পরিষদ, হাজী টাওয়ার, ছৈয়দপুর মার্কেট ও চরপাথরঘাটা অভিমুখী রাস্তা ঘেঁষে ঘাটে চলে যাচ্ছে। ফলে, এসব মার্কেট ও প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার লোকজন আসা যাওয়া করবে। তার উপর একই রাস্তা দিয়ে ঘাটের যাত্রী যাতায়াত করবে। জিনিসপত্র আনা নেওয়া করবে। বিভিন্ন যানবাহনের পার্কিং ছোট রাস্তায় হলে বিষফোড়ার মতো হবে। সাধারণ মানুষের পথ চলাচল করতে কষ্ট হবে। তাই ১২ ফুটের সড়কটি অনেক বড় করা দরকার। অন্তত ৩০ ফুটের রাস্তা বন্ধ করে ৩০ ফুটের সমপরিমাপের রাস্তা নির্মাণ জরুরী বলে মন্তব্য করেছেন যুবলীগ নেতা রাশেদ রানা।
স্থানীয়দের আরও অভিযোগ, সিডিএ তড়িগড়ি করে পরিমাপ করে দেয়াল নির্মাণ করে এখন রাস্তা নির্মাণ করছেন। যদিও সিডিএ’র দাবি, পুরাতন ব্রিজঘাট কাঁচা বাজার ও পাশের সিডিএ খেলার মাঠ ও কয়লার মাঠের জায়গায়টি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) এর দখলীয় ও মালিকানাধীন জমি। যা উপজেলা প্রশাসন ইজারা দরপত্র দিতে চেয়েছিলেন। কাঁচাবাজার বসা জমিটি সিডিএ’র অধিগ্রহণ করা।জমিটি রাস্তা নির্মাণের অবশিষ্ট জমি। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ করার জন্য সংরক্ষণ করা হয়েছে। এল.এ মামলা ও বিএস খতিয়ান মূলে জমিটি সিডিএ’র।
পুরাতন ব্রিজঘাট ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুর রহমান বলেন, ‘২৬ বছর ধরে যাবত ব্রিজঘাটে দোকান করছি। ২৬ মিনিটও সময় দেয়নি। হুট করে উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। আমাদের ব্যবসায়িদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ৩০ ফুটের রাস্তা বন্ধ করে আবার ১২ ফুটের রাস্তা করা হচ্ছে। যা অনেকটা অনিয়ম বলা যায়।’
জানতে চাইলে সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ বলেন, ‘আপাতত নতুন রাস্তাটি ১২ ফুটের করা হচ্ছে। এক পাশে। পরে আলোচনা সাপেক্ষে আরও বড় করা হবে। যদি জনগণের ভোগান্তি হয় প্রয়োজনে আরও বড় করা হবে। আমাদের জমির সীমানা নির্ধারণের জন্য রাস্তাটি এখন ১২ ফুটের করা হচ্ছে।’
২০১৯ সালের মে মাসে প্রকল্প প্রস্তাবনা ও দোহাজারী সড়ক ও জনপদ উপ-বিভাগ ৩৪ কোটি টাকা ব্যয়ে মইজ্জ্যারটেক থেকে পুরাতন ব্রিজঘাট সড়কটি প্রশস্ত করা হয় ১৮ ফুট হতে ২৪ ফুটে। যদিও সড়কটি ৩০ ফুট মত রয়েছে।
এ বিষয়ে দোহাজারী সড়ক ও জনপথ উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক বাস্তবায়ন করা প্রকল্প হলো মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর হতে পুরাতন ব্রীজঘাট-বিএফডিসি সড়ক। এ সড়কের একাংশ বন্ধ করা হলে সাধারণ মানুষের সমস্যা হবে। এখনো যেহেতু বন্ধ করেনি। তাই কিছু বলা যাচ্ছে না। বন্ধ করা হলে তখন আমরা বিষয়টি নিয়ে কথা বলব।’
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন







Discussion about this post