নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম সজলের (৪১) মরদেহ দেখে তার মামা আবু সাইদ (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
মৃত্যুবরণ করা রাশেদুল ইসলাম সজল মৃত বজলুর রহমানের ছেলে। গোদনাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন মৃত রাশেদুল ইসলাম সজল। আর আবু সাঈদ মৃত ফজলুল হকের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা মামা-ভাগনে।
পরিবার সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সজল তার বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে বেড়াতে যান। সেখানে দুপুর আনুমানিক ২টার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরবর্তীতে বন্ধুরা মরদেহ তার নিজ বাসায় নিয়ে আসেন। মরদেহ দাফনের কার্যক্রমের জন্য গোসল করানোকালে হঠাৎ তার ছোট মামা আবু সাইদ মরদেহ দেখা মাত্রই হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত ওই স্কুল শিক্ষকের বন্ধু রিপন মাহমুদ আকাশ বলেন, মামা-ভাগনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। ভাগনের এমন মৃত্যু মামা সহ্য করতে পারেননি। বৃহস্পতিবার রাত ১০টায় ওই এলাকার কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদের সামনে জানাজা শেষে একসঙ্গে দুজনের দাফন সম্পন্ন হয়। মামা ভাগনের এমন মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন






Discussion about this post