সৈকতজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জীর্ণ জিও টিউব ও জিও ব্যাগ। কোথাও বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে নিচু-উঁচু স্থান, আবার কোথাও গাছের শেকড় বেরিয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সাগরের উত্তাল ঢেউয়ে প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটার সৌন্দর্য।
পর্যটন সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কুয়াকাটা সৈকতে ভাঙন শুরু হয় প্রায় ২০০০ সাল থেকে। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। ২০১১ সালের পর কিছুটা কমলেও প্রতিবছর বর্ষায় আবারও তীব্র হয়ে ওঠে। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি। উত্তাল ঢেউয়ের কারণে পশ্চিম মাঝিবাড়ি এলাকায় বেশ কিছু ব্লক সরে গেছে। ঝাউবন, গঙ্গামতি ও চর গঙ্গামতিসহ প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের মধ্যে প্রায় ৫ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে।
স্থানীয়রা জানান, গত প্রায় ২৫ বছরে সাগরের আগ্রাসনে বিলীন হয়েছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শালবন, এলজিইডির বায়োগ্যাস প্ল্যান্ট, ডাকবাংলো, বিস্তীর্ণ ঝাউবন ও ইকোপার্কসহ বিভিন্ন স্থাপনা। গত বছর সাগরের তাণ্ডবে সৈকতসংলগ্ন নির্মাণাধীন মেরিন ড্রাইভ সড়কের অংশও ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ট্যুরিস্ট পুলিশ বক্স, মসজিদ, মন্দির, ট্যুরিজম পার্ক, ওয়াশরুমসহ বেশ কিছু স্থাপনা ঝুঁকিতে রয়েছে। জোয়ারের সময় অনেক ক্ষেত্রে সৈকতের ওয়াকওয়েও পানিতে তলিয়ে যায়।
পর্যটকরা বলছেন, আগে যে বিস্তীর্ণ বালুকাবেলায় হাঁটা, সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যেত, সেখানে এখন চোখে পড়ে জিও ব্যাগের স্তূপ। এতে কুয়াকাটা সৈকতের আকর্ষণ ও নান্দনিকতা কমে যাচ্ছে। দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, “কুয়াকাটার বর্তমান সবচেয়ে বড় সমস্যা হলো সৈকত ভাঙন। এ থেকে রক্ষায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা ও দ্রুত কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।”
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনু বলেন, “বালু ক্ষয় রোধে সময়োপযোগী ও স্থায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। সঠিক পরিকল্পনার অভাবে বারবার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।”
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম জানান, ভাঙন রোধে সৈকত এলাকায় অস্থায়ীভাবে বালুভর্তি জিও টিউব স্থাপন করা হয়েছে। এ কার্যক্রম এখনো চলমান রয়েছে। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রায় ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে বলে আশা করছি।”
বিশেষজ্ঞরা বলছেন, জিও টিউব ও জিও ব্যাগ সাময়িকভাবে ভাঙন কমাতে সহায়ক হলেও কুয়াকাটাকে রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক উপকূল ব্যবস্থাপনা। নিয়মিত ড্রেজিং, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং উপকূলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
প্রিন্ট করুন










Discussion about this post