আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় একটি খড়ের গাদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী বিকাশ চন্দ্রের প্রায় ছয় লাখ টাকার খড় পুড়ে গেছে। উপজেলার প্রশিখার মোড় এলাকায় সোমবার (১০ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় প্রশিখার মোড় এলাকায় বিকাশ চন্দ্রের খড়ের গাদায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে খবর দেওয়া হয় ভালুকা ফায়ার সার্ভিসকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথম দফায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পরে দ্বিতীয় দফায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে আগুনে ব্যবসায়ীর খড়ের বড় একটি অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
এদিকে আগুনের ঘটনাকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন বিকাশ চন্দ্র। তার অভিযোগ, ব্যবসায়িকভাবে সফল হওয়ায় স্থানীয় দুই খড় ব্যবসায়ী তাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় প্রতিহিংসার কারণে তার খড়ের গাদায় আগুন দেওয়া হতে পারে বলে তিনি দাবি করেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post