মোহাম্মদ সোহেল, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগল চুরির ঘটনায় এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত নারীর নাম শিল্পী (৪৫), তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সুজনের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চুরির পরিকল্পনা অনুযায়ী শিল্পী তার প্রেমিক শুভ ও আরও দুই সহযোগী নিয়ে ভূঞাপুরে আসেন। তারা একটি অটোরিকশা (সিএনজি) যোগে বাগবাড়ী বিডিআর পাড়া এলাকার অটোবয়েল মালিক আব্দুল লতিবের তিনটি ছাগল চুরি করার চেষ্টা চালান। এসময় সিএনজিতে বসে থাকা শিল্পী একটি ছাগলকে গামছা দিয়ে ঢেকে মুখ চেপে বসে ছিলেন, বাকি দুই সহযোগী আরও দুইটি ছাগল টেনে গাড়ির দিকে নেওয়ার চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চক্রটি পালানোর চেষ্টা করে। কিন্তু সে সময় সিএনজিটির ইঞ্জিন স্টার্ট না নেওয়ায় বিপাকে পড়েন তারা। তড়িঘড়ি করে শিল্পীর প্রেমিক শুভ ও অপর দুই সহযোগী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সিএনজি ও চুরির সরঞ্জামসহ শিল্পী আর পালাতে পারেননি। জনতা তাকে আটক করে ছাগলের মালিক আব্দুল লতিফের কাছে হস্তান্তর করে। ছাগলের মালিক আব্দুল লতিফ জানান, আটক শিল্পীকে আইনের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া বাকি তিন চোরকে শনাক্ত ও আনার চেষ্টা চলছে বলে তিনি জানান। এলাকায় কিছু সময়ের জন্য এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রিন্ট করুন








Discussion about this post