ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা জেলার সবচেয়ে পুরোনো পৌরসভা হলেও নাগরিক সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ। প্রতিষ্ঠার দেড় শতাধিক বছর পেরিয়ে গেলেও ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত সড়কবাতি, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও সুপেয় পানির সংকটে ভুগছেন পৌরবাসী।
১৮৬৯ সালে প্রতিষ্ঠিত মহেশপুর পৌরসভা ২০০৪ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। প্রায় ২২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। তবে দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধার উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “নিয়মিত পৌরকর দিলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা পাচ্ছি না। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে চলাচল করা কঠিন হয়ে পড়ে।”
পৌর এলাকার বাসিন্দা শারমিন সুলতানা জানান, অনেক এলাকায় রাতে সড়কবাতি জ্বলে না। এতে নারী ও শিশুদের চলাচলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে প্রায় ৩ হাজার সড়কবাতির প্রয়োজন হলেও বর্তমানে রয়েছে প্রায় ২ হাজার। এর মধ্যে অনেক বাতি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় রাতের বেলায় বিভিন্ন এলাকা অন্ধকারে থাকে।
এ ছাড়া সুপেয় পানির সংকটও রয়েছে বেশ কিছু এলাকায়। পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় অনেক বাসিন্দাকে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।
মহেশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালেক বলেন, “জেলার সবচেয়ে পুরোনো পৌরসভা হয়েও আমরা নাগরিক সুবিধার দিক থেকে পিছিয়ে আছি। উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।”
মহেশপুর পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন বলেন, নাগরিক সেবার মান উন্নয়নে কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পৌরবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন






Discussion about this post