এনামুল হক, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া পুরাতন বালুঘাট এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ যেন থামছেই না।
একই দিনে দুই দফা ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাক জব্দ, জরিমানা এবং তিনজনের কারাদণ্ডের পরও প্রশাসনের অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও বালু উত্তোলন শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে নদী থেকে বালু তুলে বিক্রি করলেও স্থায়ীভাবে তা বন্ধ করা যাচ্ছে না।
বিশেষ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম এবং কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (ভূমি ও রাজস্ব) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তালবাড়িয়া পুরাতন বালুঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যাওয়ার পথে তিনটি বালুবাহী ড্রাম ট্রাকের গতিরোধ করা হয়। এ সময় দুইটি ট্রাকের চালক ও সহযোগীদের আটক করা হলেও একটি ট্রাকের চালক ও হেলপার গাড়ির চাবি নিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। জব্দ করা দুইটি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুরের মো. বিপুল (২০), নাঈম (২০) এবং কুষ্টিয়ার আমলা সদরপুর এলাকার রাসেল (২৩)।
এর আগে একই দিন দুপুর আনুমানিক ২টার পর একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুইটি বালুবাহী ট্রাককে যথাক্রমে ১৫ হাজার, ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে স্থানীয়দের ভাষ্য, ওই অভিযান শেষ হওয়ার পরপরই আবারও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বশির নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই এলাকা থেকে নদীর বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
এলাকাবাসীর দাবি, এর আগেও একই স্থানে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং জরিমানার পরও প্রতিদিন শত শত ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, প্রতিদিন অন্তত ১০০ থেকে ২০০টি বালুবাহী ট্রাক এই সড়ক দিয়ে চলাচল করে। ধুলাবালি, শব্দ এবং ভারী যানবাহনের কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর সমাধান পাইনি। উল্টো অনেক সময় হুমকি-ধমকির মুখে পড়তে হয়।
আরেকজন বাসিন্দা বলেন, এই নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি নেই বলে আমরা জানি। তাহলে প্রতিদিন এত বালু কোথা থেকে যাচ্ছে? গত তিন দিনেই প্রায় ৫০০টির বেশি ট্রাক বালু বহন করেছে। কারা এই কাজ করছে, তা প্রশাসনের তদন্ত করে বের করা উচিত।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া পরিবেশের ওপরও এর বিরূপ প্রভাব পড়ে। তাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম কে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post