ওপেলিয়া কনি, মিরপুর, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে জলাশয় ভরাটের দায়ে একটি গ্লাস প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকায় অবস্থিত ‘এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, এইচ অ্যান্ড এস গ্লাসওয়্যার লিমিটেড নামক ওই শিল্প প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এসএস (স্টিল স্ল্যাগ/বর্জ্য পদার্থ) ব্যবহার করে একটি জলাশয় ভরাট করে আসছিল। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সরেজমিনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক এমদাদুল হক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা শিল্প কার্যক্রম পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন









Discussion about this post