ওপেলিয়া কনি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নির্বাচন ও একইসঙ্গে গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে স্থানীয়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মিরপুর থানার হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। পুলিশ ও প্রশাসন কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করবে না। অতীতে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, কিন্তু এবার জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি আরও বলেন, দেশের প্রায় পাঁচ কোটি তরুণ ভোটার এ নির্বাচনের মূল শক্তি। “যে তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারাই এবার ভোটের মাধ্যমে সরকার গঠন করবে।” একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় জনগণ ব্যালটের মাধ্যমে একদিকে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং অন্যদিকে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও শঙ্কা কাজ করছে উল্লেখ করে পুলিশ সুপার ভোটারদের সব ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) মাহমুদুল হক মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরাও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আরিফুজ্জামান আরিফ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দীন আহম্মদ।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রিন্ট করুন







Discussion about this post