ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কল্পকাহিনী লেখা হয়েছে, তার ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। তিনি দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে এতদিন যে বর্ণনা প্রচলিত ছিল, তা ছিল সাজানো ইতিহাস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, “আপনারা বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস পড়বেন। তার বইয়ে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত অনেক কথাই কল্পকাহিনী। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না; তারা ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “আজকের এই বিজয় র্যালীর উদ্দেশ্য হলো—আমরা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই আমাদের বিরোধী বানিয়ে রাখা হয়েছিল। আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদারমুক্ত করে স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।”
আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশে যারা জন্ম নেবে, তারাই সম্মানিত নাগরিক। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। অতীতের ইতিহাস টেনে ধরে বিভাজন সৃষ্টি না করে, সব ভুলে গিয়ে নতুন ইতিহাস রচনার সময় এসেছে। এখানে দল-মতের বিভেদ না থেকে সবাই এক হয়ে কাজ করাই শ্রেয়।”
বিজয় র্যালীতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//১৬ ডিসেম্বর ২০২৫
প্রিন্ট করুন






Discussion about this post