মাহাবুল ইসলাম, গাংনী:
মৃত্যু অনিবার্য। যার জীবন আছে, সে একদিন মৃত্যুর সম্মুখীন হবে। মানুষের মৃত্যুর পর প্রস্তুত করা হয় তার চিরকালের ঠিকানা-কবর। মৃতদেহ গোসল করানো হয়, কাফন পরানো হয় এবং শেষ শ্রদ্ধা জানিয়ে জানাযার জন্য নেওয়া হয়। জানাযার নামাজ পড়ার পরই তাকে কবরস্থ করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের কিছু মানুষ আছে যারা মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে কবর খোঁড়ার কাজে চলে আসেন। তাঁরা নিঃস্বার্থভাবে এই কাজ করেন, কোন পারিশ্রমিক নেন না। গ্রামবাসীরা তাদের গোরখোদক বলে অভিহিত করেন।
সরেজমিনে দেখা গেছে, গাংনী উপজেলার দেবীপুর গ্রামের এই গোরখোদকরা মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়ার কাজ করছেন। স্থানীয়রা জানান, তারা নিজের ইচ্ছায় এই দায়িত্ব গ্রহণ করেন এবং কখনো কোন পারিশ্রমিক গ্রহণ করেন না। গ্রামের কেউ মারা গেলে তারা সকল কাজ ফেলে কবর খোঁড়ার কাজে চলে আসেন।
গোরখোদক মজিরুল ইসলাম বলেন, আমি প্রায় ৫৫ বছর ধরে কবর খোঁড়ার কাজ করছি। জীবনে যতদিন সুস্থ থাকব, এই কাজ চালিয়ে যাব। আমাদের গ্রাম ছাড়া অন্য গ্রামে কেউ ডাকলে আমরা সেখানে ও যাব। আমি গরিব, মাঠে আবাদ-পানি করি, তবুও যখন কেউ মারা যায় দ্বিধা ছাড়াই কবর খোঁড়ার কাজে চলে যাই। এটা এখন আমার নেশার মতো হয়ে গেছে। আমি এখন নতুনদেরও শেখানোর চেষ্টা করছি যাতে তারা পরবর্তীতে এই কাজ করতে পারে।
গোরখোদক শাকের আলী বলেন, আমরা নিঃস্বার্থভাবে এই কাজ করি। কোন টাকা গ্রহণ করি না। আমাদের নিজেদের কাজ থাকলেও যদি গ্রামের কেউ মারা যায়, আমরা তাৎক্ষণিক কাজ রেখে কবর খোঁড়ার কাজে চলে আসি।
গোরখোদক ফুয়াদ হোসেন বলেন, অন্য কোন গ্রামেও ডাক দিলে আমরা নিঃস্বার্থভাবে যাব। আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং যতদিন বাঁচি, এই কাজ চালিয়ে যেতে পারি।
স্থানীয় শাজাহান আলী বলেন, যারা আমাদের গ্রামের কবর খোঁড়ার কাজ করে, তারা কোথায় থাকুক না কেন, কেউ মারা গেলে তাৎক্ষণিক কবর খোঁড়ার কাজে চলে আসে। এটি বিশাল দায়িত্বের কাজ। আমরা সবাই তাদের জন্য দোয়া করি যেন সুস্থ ও ভালো থাকেন।
মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়া নিঃসন্দেহে একটি মহৎ কাজ। হাদিসে রয়েছে, যারা কবর খোঁড়ার কাজ করেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। যারা এই কাজ করেন, আমরা তাদের সুস্থতা কামনা করি।
প্রিন্ট করুন









Discussion about this post