নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক ও সোনাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য, মূল্যতালিকার হালনাগাদ অবস্থা, শিশু খাদ্যের অনুমোদন এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয়।
তদন্তে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, অনুমোদনহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ এবং অনুমোদনবিহীন প্রসাধনী বিক্রির প্রমাণ পাওয়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের মেসার্স ঢাকা স্টোরকে ১০ হাজার টাকা এবং সোনাপুর বাজারের মেসার্স রহমানিয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন







Discussion about this post