স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গ এলাকায় কংগ্রেসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানান।
কর্মসূচি চলাকালে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন।
কয়েক ঘণ্টা পর দিল্লি পুলিশ বিক্ষোভস্থলে পৌঁছে অবস্থান কর্মসূচি ভেঙে দেয়। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারসহ কয়েকজনকে আটক করা হয়। পরে সুখজিন্দর সিংসহ আরও কয়েকজন সংসদ সদস্যকে হেফাজতে নেওয়া হয়। শেষ পর্যন্ত রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকেও ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রাহুল গান্ধীসহ কংগ্রেসের একাধিক সংসদ সদস্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আটক করা হয়।
আটকের আগে কংগ্রেসের সংসদ সদস্য সুখজিন্দর সিং সাংবাদিকদের বলেন, “সংসদ সদস্যদের সঙ্গেই যদি এমন আচরণ করা হয়, তাহলে শিক্ষার্থীদের সঙ্গে কী ঘটছে, তা সহজেই অনুমান করা যায়।”
পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের এলাকা থেকে বাকি বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
প্রিন্ট করুন










Discussion about this post