স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন সেনাবাহিনীকে আগেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে ইরান সরকার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট—এই ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করার যে হুমকি দিয়েছে, তারা যদি সেটি বাস্তবায়নের চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। প্রয়োজনে এই প্রস্তুতির মেয়াদ বাড়ানো হতে পারে। তবে অন্তত এক বছরের জন্য মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় ‘সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা’ চালাতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি ইরানের সম্ভাব্য হত্যার লক্ষ্যবস্তুতে রয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তার বিরুদ্ধে কোনো ধরনের হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে কঠোর এবং নজিরবিহীন।
এর আগে নিউ ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে তিনি ‘নির্দেশনা দিয়ে রেখেছেন’। এমন ঘটনা ঘটলে তেহরানকে চরম মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেন।
ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ওদের হিটলিস্টে আছি। এই পরিস্থিতি সামলাতে হচ্ছে আমাদের। আসল কথা হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আক্ষরিক অর্থেই ওদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্টকে হত্যার একটি সম্ভাব্য পরিকল্পনার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ইসরাইল জানিয়েছে—এমন খবরের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ইরানের নতুন কোনো পরিকল্পনার তথ্য তার কাছে নেই। তবে তিনি দাবি করেন, তেহরান বহু বছর ধরেই তার মৃত্যু চায়।
ইসরাইলের সতর্কবার্তাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ট্রাম্প বলেন, ‘না, না। ইসরাইল নতুন কিছুই পায়নি। আমি দীর্ঘদিন ধরেই (ইরানের হিটলিস্টের) এক নম্বরে আছি। আর জীবনটাই এমন, বুঝতেই পারছেন।’
তিনি আরও বলেন, ইরান তাকে হত্যা করলে ‘আশা করি আপনারা আমাকে মিস করবেন।’
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post