নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।
মাহমুদ হাসান খান বলেন, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা একটি কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইন অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।
শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।’
শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজ করছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কারখানার ভেতরে এমন ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার ফলে কর্মীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে বেরিয়ে যাচ্ছেন।
শুধু তা-ই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। ওই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে আনছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
শ্রমিক সংগঠনগুলোর কঠোর সমালোচনা করে মাহমুদ হাসান বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানার মালিক অংশ নিয়ে জানিয়েছেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চলতে থাকলে একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তারা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবেন।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। যদি আন্দোলনের কারণ মজুরি-সংক্রান্ত দাবি হয়ে থাকে, তাহলে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলন ও কারখানা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই যৌক্তিক নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মজুরি বোর্ডের প্রথম সভাতেই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা ঘোষণা করা হয়েছে। তারপরও এ নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য গার্মেন্টস মালিকদের চাপে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করতে বাধ্য করা, অথবা এর পেছনে কারও অন্য কোনো অভিপ্রায় থাকতে পারে।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এ ক্রান্তিকালে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ খাত টিকিয়ে রাখতে হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন






Discussion about this post