রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :
মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। মৌমাছি আর প্রজাপতির অবিরাম খেলা গ্রামীণ জনপদকে করেছে আরও মুগ্ধ। পুরো মাঠ যেন ঢেকে আছে সুন্দর হলুদ গালিচায়। চাষিদের পদচারণায় প্রকৃতি যেমন সেজেছে ঠিক সেই সঙ্গে মেতে উঠেছেন মধু সংগ্রহে মৌয়ালরা।
জামালপুরের বিভিন্ন উপজেলায় মৌ চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে।
ফসলি জমির পাশে পোষা মৌমাছির শত শত বাক্স নিয়ে হাজির হয়েছেন মৌয়ালরা। ওইসব বাক্স থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে সরিষা ফুলের মাঠে।
জেলার মেলান্দহ, সরিষাবাড়ী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, চাষিরা পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। একেকটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি চাকের ফ্রেম রাখা হয়। আর তার ভেতর রাখা হয় একটি রানি মৌমাছি। রানির কারণে ওই বাক্সে মৌমাছিরা আসতে থাকে। ফুল থেকে মধু এনে বাক্সের ভেতরের চাকে জমা করে। আর এই চাক থেকেই মধু সংগ্রহ করেন মৌমাছি চাষিরা। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মৌ-চাষিরা এসব চাক থেকে মধু সংগ্রহ করেন। এ থেকে চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, আবার দূর হচ্ছে বেকারত্ব।
মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ার পূর্ব ছবিলাপুর এলাকায় আসা দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা মধু সংগ্রাহক মৌ চাষি সাইফুল ইসলাম জানান, মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে তৈরি করা হয় বাক্স। যার উপরের অংশটা কালো রঙের পলিথিন ও চট দিয়ে মোড়ানো থাকে। বাক্সের ভেতরে কাঠের তৈরি সাতটি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় লাগানো থাকে এক ধরনের সিট। পরবর্তী সময়ে বাক্সগুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়।
পাশাপাশি বাক্সগুলোর ভেতরে দেওয়া হয় রানি মৌমাছি। যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। রানির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানি মৌমাছির বিপরীতে প্রায় তিন থেকে চার হাজারের মতো পুরুষ মৌমাছি থাকে একেকটি বাক্সে।
আরেক মৌ চাষি হারুনর রশীদ বলেন, আমরা কয়েকজন মিলে ঘোষেরপাড়ার পূর্ব ছবিলাপুর এলাকায় মধু সংগ্রহ করতে এসেছি, ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সরিষা থেকে মধু সংগ্রহের উপযুক্ত সময়।
সরিষা ক্ষেতে ১৫০টি বাক্স বসিয়েছি, এসব বাক্স থেকে প্রতি আট দিনে গড়ে প্রায় ১৫০০ কেজির মতো মধু পাওয়া যায়। আর প্রতি কেজি মধু বিক্রি করি ৩০০ থেকে ৪০০ টাকা দরে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে সরিষার ফলন ১০ ভাগ বেড়ে যায়। ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহ লাভজনক ব্যবসা। এতে মৌমাছি ব্যবসায়ী যেমন একদিকে মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
প্রিন্ট করুন









Discussion about this post