স্টাফ রিপোর্টার : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়ে আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মাজহারুল ইসলাম জানান, এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮ বার পিছিয়ে গেল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
শুরুতে মামলাটির তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। ডিবির তদন্তে অগ্রগতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের ওই টাস্কফোর্স মামলাটির তদন্ত করছে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post