স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, চলমান প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং পেশাদার দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সকাল ৯টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে তিনি চলমান প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন পর্যায়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় তিনি একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন। পরে তাঁদের সঙ্গে চা পান করেন এবং অনানুষ্ঠানিক পরিবেশে কিছু সময় কাটান।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। তিনি জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী সেনানিবাসে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পূর্ণোদ্যমে পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন





Discussion about this post