পছন্দের লোক নিয়োগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অস্থিরতার সুযোগে ২৮ অক্টোবর কর্মকর্তা কর্মচারী নিয়োগ পরীক্ষা থাকলেও ঘন্টাখানেক আগে তা স্থগিত করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত অবরোধের সুযোগে পরীক্ষাটা নেয়া হয়ে গেছে এবং সেই পরীক্ষা নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা ও বিতর্ক।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ, সিকৃবি উপাচার্য নিজের পছন্দের লোক নিয়োগ করতেই অবরোধের সুযোগটা কাজে লাগিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক কর্মকর্তা ও স্টোর কিপার পদে ৬৫ জন ও সেকশন অফিসার পদে ১১৬ জনসহ মোট ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অনেকেই এসেছিলেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। অবরোধের কারণে অনেকে দু’দিন আগে সিলেট আসতে বাধ্য হয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান, অবরোধের কারণে চরম হয়রানির শিকার হয়ে সিলেট পৌঁছাই
পরীক্ষার দু’দিন আগে। এ সময় পরীক্ষা না হলে অতিরিক্ত খরচের বোঝা টানতে হতোনা, হয়রানিও কম হতো।
এই পরীক্ষা নিয়ে শুরু থেকেই অনিয়মের কথা বলছিলেন আবেদনকারীরা। তাদের অভিযোগ, উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন পদগুলোতে নিয়োগ দিতে কয়েকজনকে কথা দিয়ে রেখেছেন বলে শোনা যায়। তাই নামমাত্র পরীক্ষা নিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার শঙ্কা ছিলো আবেদনকারীদের। অবরোধের সময় পরীক্ষা নেয়া সেই শঙ্কার সত্যতার ইঙ্গিত বলে ভাবছেন প্রায় সবাই।
অবরোধের মধ্যে নিয়োগ পরীক্ষার কারণ জানতে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁইয়ার মোবাইলফোনে কল দিলেও তা ও বন্ধ পাওয়া যায়।
তার দপ্তরে যোগাযোগ করলে একান্ত সচিব ড. সালাহ উদ্দিন আহমেদ বলেন, নিয়োগ পরীক্ষা যথাযথভাবে হয়েছে। কোনো অভিযোগ নেই।
উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্যার এখন অনেক ব্যস্ত। বলতে পারবেন না। রোববারের পর যোগাযোগ করতে বলেছেন তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১০,২০২৩//
প্রিন্ট করুন








Discussion about this post