নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সাত ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরিকে ঘিরে মারাত্মক ধুলা দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের জনপদ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, ফ্যাক্টরি থেকে নির্গত অতিরিক্ত ধুলাবালির কারণে প্রতিদিনই তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি ও নানা ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, দিনের বেশিরভাগ সময় বাতাসে সিমেন্টের ধুলা ভাসতে থাকে, যা ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে। ফলে ঘরবাড়ি, আসবাবপত্র এমনকি খাবারও ধুলায় ঢেকে যায়। বারবার পরিষ্কার করেও এই সমস্যার স্থায়ী সমাধান মিলছে না।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, “সাত ঘোড়া সিমেন্ট ফ্যাক্টরির কারণে পুরো এলাকা আজ দূষণের কবলে। এটি শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সকল অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি অবগত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় সচেতন মহল বলছেন, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি ফ্যাক্টরির পক্ষ থেকে আধুনিক ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং পরিবেশবান্ধব নীতিমালা মেনে চলার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দূষণমুক্ত একটি নিরাপদ পরিবেশে বসবাসের অধিকার নিশ্চিত করা হোক।
প্রিন্ট করুন








Discussion about this post