কুষ্টিয়া প্রতিনিধি : মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান জোরদার করলে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
এদিকে, একই দিন সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়েও দুই পুরুষ ও দুই নারীসহ আরও চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যদের তৎপরতায় সকাল ৮টার দিকে ওই চেষ্টাও ব্যর্থ হয়। পরে বিএসএফ তাঁদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post