রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার রনিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সোনারগায়ের য়র পূর্বভবনাথপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১১’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা গতকাল শুক্রবার দুুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১’র সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি (২৫), মোঃ সোহেল (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মোঃ ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)। এ সময় ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড গুলি (ব্লাংক), ১টি ছোরা, ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ২টি তালা ভাঙ্গার শাবল উদ্ধার করা হয়। ডাকাত সর্দার রনি নিজস্ব ড্যান্স একাডেমীর কার্যক্রমের অন্তরালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল।
র্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত দল সর্দার সাখাওয়াত হোসেন রনির র্যাবকে জানায় সে নিজেকে কাঁচপুর এলাকায় “বন্ধু ড্যান্স একাডেমী” নামক একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে থাকে এবং বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ী টার্গেট করে এবং ভিকটিমের সাথে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে সে তার টার্গেট করা বাড়ীগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের বাড়িতে অথবা বিভিন্ন ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। তারা গভীর রাতে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি অথবা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
র্যাব আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি ও সোহলের বিরুদ্ধে ইতোপূর্বে আড়াইহাজার থানায় ৩টি ও সোনারগাঁও থানায় ১টি অস্ত্রসহ ডাকাতি, মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় ১টি অস্ত্রসহ ডাকাতি ও ২টি ধর্ষণ এবং বিভিন্ন থানায় ৪টি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দে এর বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় ১টি চুরি ও মকছেদপুর থানায় ১টি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন









Discussion about this post