গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন। রোববার দিবাগত রাতে কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোরে বাড়ি ফেরেন। দেরিতে বাড়ি ফেরা এবং বাইরে বসে খেলা দেখা নিয়ে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী ফিরে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রায়হানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্বজনরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post