গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীতে হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের বিষয়ে অপপ্রচার, মিথ্যাচার, উসকানিমূলক বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সোনাইমুড়ীর শহীদি জামে মসজিদ কনফারেন্স হলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।
ইমাম সেলিমের দাবি, সম্প্রতি নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি ধর্মীয় সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি, গালাগাল ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তার অভিযোগ, ওই সমাবেশে সংগঠনটির বিরুদ্ধে কঠোর ও আইনবিরোধী বক্তব্যও দেওয়া হয়।
তিনি আরও বলেন, কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি গোষ্ঠী দেশের বিভিন্ন এলাকায় হেযবুত তওহীদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। হ্যান্ডবিল বিতরণ, সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, খুতবা ও ওয়াজের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে হেযবুত তওহীদের নেতা-কর্মী, তাদের বাড়িঘর, কার্যালয়, স্থাপনা ও উন্নয়ন প্রকল্পে হামলার আশঙ্কা রয়েছে বলেও জানান ইমাম সেলিম।
মতবিনিময় সভায় সংগঠনের মতাদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিশ্চিত করা, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নেতা-কর্মীদের জানমাল ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভায় নোয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post