স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে।
সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে চলা নানা আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটেছে।
এর আগে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের প্রচলিত সময়সীমা বিবেচনায় রেখে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা ছিল। পরে বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে শিক্ষা বোর্ডগুলোর ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনার কথাও আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ১০ আগস্ট তারিখ নির্ধারণ করে।
উল্লেখ্য, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছিল।
এ বছর এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।
২০২৬ সালের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন






Discussion about this post