নোয়াখালী প্রতিনিধি: বাইরে থেকে সাধারণ একটি কুঁড়েঘর মনে হলেও ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ভিন্ন চিত্র। নোয়াখালীর চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে সরকারি খাস জমিতে নির্মিত একটি ঘরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, ওই ঘরে এয়ারকন্ডিশনার (এসি) ও আধুনিক সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন বিলাসবহুল সুবিধা স্থাপন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ববিতা আক্তার সুমাইয়া (৩৫) নামে এক নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছেন। তাদের অভিযোগ, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এ কার্যক্রম চালিয়ে আসছেন। অতীতে একাধিকবার ইয়াবাসহ গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও বহিরাগতদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আস্তানার চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে অভিযানের আগাম তথ্য পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ, বেদে পল্লীকে কেন্দ্র করে প্রকাশ্যে মাদক বিক্রির কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে।
তারা আরও দাবি করেন, শুধু মাদক ব্যবসায়ীদের নয়, তাদের পেছনে থাকা প্রভাবশালী সহযোগীদেরও আইনের আওতায় এনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন।
চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এমনকি পুলিশও অনেক সময় অসহায় অবস্থায় পড়ে। ববিতার ক্ষমতার উৎস এবং তার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।”
পুলিশ সূত্রে জানা গেছে, ববিতা আক্তার সুমাইয়ার বিরুদ্ধে থানায় সাতটি মাদক মামলা রয়েছে। এ পর্যন্ত অন্তত ছয়বার তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে প্রতিবারই জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা বাধার মুখে পড়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ববিতা আক্তার সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। তাকে কয়েকবার গ্রেপ্তারও করা হয়েছে। তবে তার কথিত বিলাসবহুল জীবনযাপনের বিষয়টি আমাদের জানা ছিল না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রিন্ট করুন








Discussion about this post