কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ শরিফ ওসমান হাদীর কবর গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুন ২০২৬ তারিখে আসামি এস এম আলম হিল নামের এক ব্যক্তি ‘প্রতিদিন খবর ২৪’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে দুটি ভিডিও বার্তার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও শহীদ শরিফ ওসমান হাদীর কবর গুড়িয়ে দেওয়ার উসকানিমূলক হুমকি প্রদান করেন। এই বক্তব্যটি পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
মামলার বাদি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কুষ্টিয়া জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ সাবাব জানান, অভিযুক্ত এস এম আলম হিলের অবমাননাকর ভিডিওটি দেখেন। এতে শহীদ রাষ্ট্রপতি ও শহীদ শরিফ ওসমান হাদীর পরিবারের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক অনুভূতিতে চরম আঘাত লেগেছে। ঘটনার পরপরই তিনি স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে আজ তিনি আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসিকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বর্তমানে এই ঘটনাটি কুষ্টিয়া জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত এস এম আলম হিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post