দৌলতপুর প্রতিনিধি: খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে চলা আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি যুব সংঘ, পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা যুব সংঘ, হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনাই যুব সংঘ, নারায়ণপুর যুব সংঘ এবং হিসনা ফাউন্ডেশন-এর প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব বলেন, “একটি সুস্থ, মাদকমুক্ত ও সচেতন যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার প্রসারেও কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা, রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সংগঠনের সভাপতি মোঃ সেলিম রেজা বলেন, “আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি সমাজ পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”
সহ-সভাপতি মোঃ রাকিবুল হক রাকিব বলেন, “বর্তমান সময়ে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই দৌলতপুরের প্রতিটি তরুণ মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করুক।”
সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, “একটি সংগঠনের শক্তি তার ঐক্য, শৃঙ্খলা ও ধারাবাহিক কার্যক্রমে। আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজসেবা, মানবিক কার্যক্রম ও যুব উন্নয়নে কাজ করে যাচ্ছে। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
যুগ্ম সাধারণ সম্পাদক সুজা উদ্দীন বলেন, “তরুণদের মাঝে খেলাধুলার চর্চা বৃদ্ধি সময়ের দাবি। মাঠমুখী যুব সমাজই একটি সুন্দর, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদ আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে।”
এ সময় উপস্থিত ছিলেন আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজা, সহ-সভাপতি মোঃ রাকিবুল হক রাকিব, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুজা উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান রিজন, অর্থ সম্পাদক এস. এম. এমরান হোসাইন, প্রচার সম্পাদক শাফিন আহমেদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার হামিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবা ও যুব উন্নয়নে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রিন্ট করুন









Discussion about this post