স্টাফ রিপোর্টার : টানা ছয় দিনের বিরতির পর আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা চলতি অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে পরিচালিত হচ্ছে।
জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
এর আগে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট গত ৩০ জুন সংসদে পাস হওয়ার পর দ্বিতীয় অধিবেশন ছয় দিনের জন্য মুলতবি করা হয়। নির্ধারিত বিরতি শেষে আজ থেকে আবারও সংসদের কার্যক্রম শুরু হচ্ছে।
চলতি বাজেট অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। পাশাপাশি অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।
উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক আলোচনা করেন। এসব আলোচনায় দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ থেকে পুনরায় শুরু হওয়া অধিবেশনে সরকারের আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সংসদীয় কার্যসূচি নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post