স্টাফ রিপোর্টার : টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র মঙ্গলবার থেকে আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার রাতে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, টানা বর্ষণের কারণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে একটি নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু কৃষিজমির ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়িও পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক ভারী বৃষ্টিপাত নিয়ে জারি করা এক সতর্কবার্তায় জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে তিনি সতর্ক করেছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post