স্টাফ রিপোর্টার: দেশের আবাসন খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে খাতটি টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির দাবি, নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার কিছু অস্পষ্ট বিধানের কারণে আবাসনশিল্পে বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সভায় রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল বলেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আবাসন ও সংশ্লিষ্ট শিল্পের অবদান প্রায় ১৫ শতাংশ। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এবং ২৬৫টিরও বেশি সহযোগী শিল্প জড়িত। তবে বর্তমান পরিস্থিতিতে ফ্ল্যাট বিক্রি প্রায় ৬২ শতাংশ কমে গেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং নতুন বাজেটে কর বৃদ্ধির প্রভাবে নির্মাণ ব্যয় ৪৩ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ অবস্থায় ১৭ থেকে ১৮ শতাংশ সুদে ব্যাংকঋণ নিয়ে কোনো শিল্পের টিকে থাকা সম্ভব নয়।
রিহ্যাবের পক্ষ থেকে স্বল্প সুদের দীর্ঘমেয়াদি গৃহঋণ চালু, ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন এবং আবাসন খাতের জন্য সহায়ক করনীতি প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষ প্রণোদনার মাধ্যমে পরিকল্পিত আবাসন উন্নয়ন এবং বিকেন্দ্রীকরণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া রিহ্যাব ড্যাপ-২০২৫ সংশোধনী এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫-এর বিভিন্ন ধারা পুনর্বিবেচনার দাবি জানায়। সংগঠনটির মতে, এফএআর (FAR), সেটব্যাক, ছোট প্লটে ইউনিট সংখ্যা, এসটিপি (STP) স্থাপন, গ্রিন বিল্ডিং, টিওডি (TOD), টিডিআর (TDR), পার্কিং, মিশ্র ব্যবহার এবং পরিকল্পনা অনুমোদনসংক্রান্ত বিভিন্ন বিধানে অস্পষ্টতা রয়েছে, যা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি করতে পারে।
পাশাপাশি নিবন্ধন ও কর কাঠামোর বাইরে পরিচালিত শেয়ারভিত্তিক আবাসন ব্যবসাকে দ্রুত আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনারও দাবি জানানো হয়।
সভায় রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ডেভেলপারদের হয়রানি করা রাজউকের উদ্দেশ্য নয়; বরং নিরাপদ, সুশৃঙ্খল ও পরিকল্পিত নগর গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি জানান, ভবনের নকশা অনুমোদনের সময়সীমা ৩০ কর্মদিবসে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজউকের সেবাগুলো ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post