স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ফারুক আহমেদ গত ৭ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের মহাসড়কগুলোকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
দায়িত্ব গ্রহণের পর দৈনিক দেশতথ্য প্রতিবেদকের সঙ্গে আলাপকালে অ্যাডিশনাল আইজিপি ফারুক আহমেদ বলেন, দেশের মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমানো, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধ, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, “আমি ডাকাতিমুক্ত ও নিরাপদ হাইওয়ে চাই। এটাই আমার সহকর্মীদের প্রতি বার্তা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, বাংলাদেশ হাইওয়ে পুলিশ তা করবে।”
নতুন দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মহাসড়কে যাত্রী ও চালকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর টহল ব্যবস্থা জোরদার করা হবে। একই সঙ্গে দ্রুত সেবা প্রদান, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, মহাসড়কে জনগণের দুর্ভোগ কমিয়ে একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও আধুনিক সড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করবে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন নেতৃত্বের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের মধ্যে হাইওয়ে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
নাজমুল হাসান //দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন










Discussion about this post