গিয়াস রনি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হারিয়েছেন দুই পরীক্ষার্থী। এ ঘটনায় তারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল সোনাপুর কলেজ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নাঈমা ও প্রাহিমা একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু। সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে। পরে তাদের পরনে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরিবারের দাবি, ঘটনার পর সিএনজিচালক দুই পরীক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার কারণে দুই শিক্ষার্থী নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post