গোফরান পলাশ, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দিলে প্রধান শিক্ষক আবদুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে নিজের ক্রয়কৃত জমিতে যাতায়াতের পথ তৈরি করতে নুরুজ্জামান কাফি বিদ্যালয়ের জমির একটি অংশে রাস্তা নির্মাণ করেন।
অভিযুক্ত নুরুজ্জামান কাফি উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। তিনি ২০২৬ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রজপাড়া মৌজায় বিদ্যালয়ের জমি বিভিন্ন সময়ে ক্রয় করা হয়। ১৯৫৪ সালে খঞ্জন আলী হাওলাদারের কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৫৯ সালে মোবারক আলীর কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৬৭ সালে এডিএফসি ব্যাংকের নিলাম থেকে ২৯ একর ১৮ শতাংশ এবং পরবর্তী সময়ে আরও কয়েকজন মালিকের কাছ থেকে ৪ একর ৮০ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে এসব জমি বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। বিদ্যালয়ের মোট ৪০ একর ৬৪ শতাংশ জমির মধ্যে রজপাড়া মৌজার জেএল নং-৯ এর বিএস ১২ নম্বর খতিয়ানের ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা বঙ্গাব্দ ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর সরকারি বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল করে দেওয়া হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি ওই ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে সিক্সলেন সড়কের উত্তর পাশে প্রায় ৬ শতাংশ জমি দখল করে নুরুজ্জামান কাফি রাস্তা নির্মাণ করেছেন।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, “গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে নুরুজ্জামান কাফি সিক্সলেন সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ের জমির প্রায় ৬ শতাংশ অংশ দখল করে রাস্তা নির্মাণের কাজ করেন। বিদ্যালয়ের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন নুরুজ্জামান কাফি। তিনি বলেন, “ওই জমির পেছনে আমার ক্রয় করা জমি রয়েছে। কিন্তু সেখানে চলাচলের কোনো রাস্তা নেই। এ কারণে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমির একটি অংশ কেনার প্রস্তাব দিয়েছিলাম। তিনি জানান, জমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের নামে হস্তান্তর করা হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।”
কাফি আরও বলেন, “পরবর্তীতে জানতে পারি, মোবারক পঞ্চায়েতের নাতি সালাউদ্দিন নয়ন পাহলানসহ ওয়ারিশরা মামলা করে উচ্চ আদালত থেকে ওই জমির বিষয়ে তাদের পক্ষে রায় পেয়েছেন। আমি তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে কিনেছি এবং ওয়ারিশরা জমি বুঝিয়ে দিয়েছেন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, “বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করা হচ্ছে। যদি কেউ বিদ্যালয়ের জমি দখল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন







Discussion about this post