রাশেদুজ্জামান, নওগাঁ : ফ্ল্যাট বিক্রির অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করার পর বাদী পক্ষের সঙ্গে আপোষের শর্তে জামিন দিয়েছেন আদালত।
জানা গেছে, জামিনপ্রাপ্ত দুই আসামি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ফুফাতো বোন সিদ্দিকা আক্তার কুমকুম (৫৬) এবং তার স্বামী সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় বসবাসকারী ওই দম্পতির বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির চুক্তি অনুযায়ী পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, আসামিদের পরিচালিত একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক ফ্ল্যাট বিক্রির চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বাদীকে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে বিভিন্ন আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে দুই আসামিকে গ্রেফতার করেন। পরে তাদের নওগাঁর আদালতে হাজির করা হলে শুনানি শেষে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, আর্থিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।
এদিকে, মামলায় গ্রেফতার ব্যক্তিরা একজন পরিচিত রাজনৈতিক নেতার নিকটাত্মীয় হওয়ায় ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post