একসময় মাইক্রোবাস চালিয়ে পরিবার চালাতেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে পড়ার পর শারীরিক সক্ষমতা হারিয়ে আর গাড়ি চালাতে পারছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে তাকে। শুধু ওষুধ কিনতেই প্রতি মাসে প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।
পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হওয়ার আগে অস্ট্রেলিয়া যাওয়ার আশায় দালালচক্রের প্রতারণার শিকার হয়ে প্রায় পাঁচ লাখ টাকা হারান কালাম। পরে রোগ ধরা পড়লে চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শেষ সম্বল ৭ দশমিক ৫ শতক জমি আপন ভাইয়ের কাছে বিক্রি করে দেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে একটি টিনশেড ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কালামের ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীরও সংকট রয়েছে। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও সুস্থ হয়ে আবার কর্মজীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। বর্তমানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও কিছু মানবিক মানুষের সহায়তায় কোনোভাবে চিকিৎসা ও সংসারের খরচ চালিয়ে যাচ্ছেন।
কালাম হোসেন বলেন, “আমি বাঁচতে চাই। সুস্থ হয়ে আবার কাজ করতে চাই। কিন্তু চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার নেই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ পাশে দাঁড়ালে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, “লিখিত দরখাস্ত পেলে সমাজসেবা অধিদপ্তরসহ তিনটি দপ্তরের পর্যালোচনার মাধ্যমে তার রোগ অনুযায়ী সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।”
কালাম হোসেনকে সহায়তা করতে আগ্রহী ব্যক্তিরা তার বিকাশ/নগদ নম্বর ০১৭১৭-১৩৮৮০৮-এ যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।
চিকিৎসার অর্থসংকটে প্রতিটি দিনই কঠিন হয়ে উঠছে কালামের জন্য। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে পরিবারটির মুখে হাসি ফোটাতে পারবেন—এমনটাই প্রত্যাশা তার।
প্রিন্ট করুন








Discussion about this post