গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত ফারুক ওরফে শহীদ কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী।
আটক ব্যক্তিরা হলেন—সুন্দলপুর গ্রামের মুন মুন্সিবাড়ির আল আমিনের ছেলে মো. আরশাদ ওরফে আকাশ (২৪) এবং আকবর পুত্রের বাড়ির দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে ফারুককে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন জানান, অভিযুক্ত আকাশ আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন এবং এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তার মাদকসেবনের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রদল নেতা জহির।
ইমরান বলেন, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে আকাশের মাদকসেবন নিয়ে আলোচনা হয়। এ সময় আকাশ বেপরোয়া আচরণ করে ছাত্রদল নেতা জহিরকে উদ্দেশ্য করে বলেন, তার মাদকসেবনের প্রতিবাদ করার অধিকার কারও নেই। তখন দোকানে থাকা ফারুক তাকে বলেন, ‘তুমি কাউকে মানো না।’ একপর্যায়ে তিনি আকাশকে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেন।
তিনি আরও জানান, পরদিন বুধবার সকালে আকাশ কয়েকজনের কাছে তার বাবাকে হত্যার হুমকি দেন। পরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তেঁতুলতলা বাজারের পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পেছন থেকে তার বাবার মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়।
ওসি রোমেল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, আটক দুই যুবক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post